দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় জ্বালানি তেলের তীব্র সংকটে কৃষকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি পেলেও পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হচ্ছে কৃষক ও মোটরসাইকেল চালকদের।
বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা সদরের ভাইনা ফাতেমা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নিতে আসা কৃষক ও যানবাহনের দীর্ঘ সারি।
কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও জ্বালানি সংকটের কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জেলায় এবার ২৭ হাজার ৯০১ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৮৯ টন চাল উৎপাদন।
মঘি গ্রামের কৃষক জামাল হোসেন বলেন, ‘দুই সপ্তাহ ধরে সেচ দিতে পারছি না। জমিতে ধান পাকতে শুরু করেছে, কিন্তু তেলের অভাবে সেচ বন্ধ থাকায় ফলন নিয়ে চিন্তায় আছি।’
আলমখালী গ্রামের কৃষক জমির শেখ বলেন, ‘তেলের দাম বেড়েছে, কিন্তু পাম্পে গিয়ে তেল পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে সেচ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
তেল সংকটের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় আগামী মৌসুমে ধান ও পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তেল পাম্পগুলো থেকে সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কাজ চলছে।
এমএস/